Header Ads Widget

৪৯তম বিসিএসের গেজেট থেকে ৫৭ প্রার্থী বাদ, ডাকসুর বিক্ষোভ

 


কলাভবন ও মধুর ক্যানটিন ঘুরে ডাকসুর মিছিলটি ডাকসু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ অক্টোবর - মুক্তজমিন । ডিজিটাল ডেস্ক - Muktozamin

৪৯তম বিসিএসের গেজেট থেকে ৫৭ প্রার্থী বাদ, ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে ৫৭ প্রার্থীর নাম না থাকায় এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বাদ পড়া প্রার্থীদের দ্রুত গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে ডাকসুর নেতারা এ বিষয়ে ১২ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কর্মসূচি শুরু হয়। সেখান থেকে একটি মিছিল বের করেন ডাকসুর নেতাকর্মীরা। মিছিলটি কলাভবন ও মধুর ক্যানটিন প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সরকারি চাকরিতে দলীয় পরিচয়ের প্রভাব এবং ভেরিফিকেশনের নামে হয়রানির অভিযোগের অবসান দাবি করেন। তাঁদের বক্তব্য, ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীতদের মধ্য থেকে যাঁদের নাম গেজেটে নেই, তাঁদের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছিল। তবে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নিয়োগের কথা জানানো হয়। ফলে ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি। প্রকাশিত গেজেটে তাঁদের বাদ পড়ার কারণ উল্লেখ করা হয়নি।

সমাবেশে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম ভেরিফিকেশন প্রক্রিয়ায় প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তোলেন। তাঁর দাবি, এনটিআরসিএ ও প্রাথমিকের নিয়োগ নিয়েও একই ধরনের অভিযোগ রয়েছে।

সাদিক কায়েম তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সময়কার কোটা আন্দোলনের প্রসঙ্গ তুলে বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকারি নিয়োগে আবারও দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, দলীয়করণের নীতি অব্যাহত রাখলে সরকারকে এর রাজনৈতিক পরিণতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি সরকারের বিভিন্ন নিয়োগপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন।

ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান বলেন, সরকারি চাকরিতে প্রার্থীর মেধাকেই প্রধান বিবেচনা করা উচিত। তাঁর অভিযোগ, ভাইভায় নম্বর পরিবর্তন, এনটিআরসিএর নিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত এবং বিসিএসের ভেরিফিকেশন প্রক্রিয়ায় প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে।

‘মেধায় প্রথম হয়েও গেজেটে নাম নেই’

সমাবেশে ৪৯তম বিসিএসে সমাজকল্যাণ ক্যাডারে প্রথম হওয়ার পরও গেজেটে নিজের নাম না থাকার বিষয়টি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বেলাল।

তিনি বলেন, বিসিএসের প্রস্তুতির জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন এবং জুলাইয়ের আন্দোলনেও সক্রিয় ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে এমন কোনো মামলা বা অভিযোগ নেই, যার কারণে নিয়োগ থেকে বাদ পড়ার কথা।

বেলাল বলেন, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আন্দোলনে অংশ নেওয়ার পরও তিনি নিজেকে বঞ্চিত মনে করছেন। ১২ অক্টোবরের মধ্যে তাঁর বিষয়টি পুনর্বিবেচনা করে গেজেটে নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

‘দীর্ঘ অপেক্ষার পরও নিয়োগের গেজেটে নাম নেই’

গেজেটে নাম না থাকা আরেক প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ তাহমিদ তাঁর ভোগান্তির কথা তুলে ধরেন।

তিনি জানান, ৪৯তম বিসিএসে সুপারিশ পাওয়ার পর প্রায় ১০ মাস অপেক্ষা করেছেন। কিন্তু চূড়ান্ত গেজেট প্রকাশের পর সেখানে তাঁর নাম দেখতে পাননি। ভেরিফিকেশনের সময় তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা ও পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

রেজোয়ান আহমেদের ভাষ্য, তিনি কখনো ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর বাবা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত—এ বিষয়টি তাঁকে ভেরিফিকেশনের সময় জানাতে হয়েছিল। বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে কেন দায়ী করা হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

এদিকে ৫৭ প্রার্থীকে গেজেটে অন্তর্ভুক্তির বিষয়ে ডাকসুর দাবির পাশাপাশি পিএসসি জানিয়েছে, সুপারিশকারী কর্তৃপক্ষ পিএসসি হলেও নিয়োগকারী কর্তৃপক্ষ জনপ্রশাসন মন্ত্রণালয়; যাচাই-বাছাই শেষে নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।