রাষ্ট্রপতি বলেছেন, দেশের যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনা জরুরি, যেন স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী হয়। তিনি ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং যন্ত্রপাতি ক্রয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার তাগিদ দেন। একই সঙ্গে তিনি তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্যদের সঠিক পদে পদায়নের ওপর জোর দেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট আমলের নির্যাতনে আহতদের চিকিৎসায় ডাক্তারদের আন্তরিক সহায়তার জন্য ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
তবে, ডাক্তারদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ড্যাব নেতারা। তারা এসব ঘটনার অবসানে সরকারের সহযোগিতা চান। রাষ্ট্রপতি গবেষণায় আরও শক্তিশালী উদ্যোগের ওপরও গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে বর্তমানে দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় আশঙ্কা প্রকাশ করে ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। এ ধরনের ঘটনা বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

0 Comments