আগুনে পুড়ে যাওয়া পেঁয়াজ পড়ে আছে বাড়ির চাতালে। শুক্রবার সকালে রাজশাহীর বাগমারার রাজারামপুর গ্রামে - মুক্তজমিন । ডিজিটাল ডেস্ক - Muktozamin
"বাড়িজুড়ে পোড়া পেঁয়াজের গন্ধ, আগুনে সর্বস্বান্ত কৃষক"
রাজশাহীর বাগমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক শাহাদুল হোসেনের বাড়িঘর ও সব মালামাল পুড়ে গেছে। আগুনে তাঁর বাড়িতে থাকা ৪৫ মণ পেঁয়াজ, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়েছে। একটি গরুর শরীরের বিভিন্ন অংশও পুড়ে গেছে। কৃষক পরিবারের দাবি, এতে ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঝিকড়া ইউনিয়নের রাজারামপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, ঘরের চালায় প্রথম আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় বাগমারা ফায়ার স্টেশনে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিন কক্ষের ঘরের প্রায় সবকিছু পুড়ে যায়। ঘরে মজুত করা ৪৫ মণ পেঁয়াজ, আসবাবপত্র ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়েছে। আগুনে একটি গরুর শরীরের বিভিন্ন অংশও পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কৃষক শাহাদুল হোসেনের বাড়ি। শুক্রবার রাজশাহীর বাগমারার রাজারামপুর গ্রামে - মুক্তজমিন । ডিজিটাল ডেস্ক - Muktozamin
সরেজমিনে দেখা যায়, পুড়ে যাওয়া বাড়ির চাতালজুড়ে ছড়িয়ে আছে পোড়া মালামাল। চারপাশে পাওয়া যাচ্ছে পেঁয়াজ পোড়ার গন্ধ। আগুনে আহত গরুটির শরীরের বিভিন্ন অংশের যত্ন নিচ্ছেন পরিবারের সদস্যরা।
কৃষক শাহাদুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার আর কিচু থাকল না, বউ–বাচ্চা লিইয়্যা একন কুনটে যাবো।’
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান বলেন, শাহাদুল একজন গরিব কৃষক। আগুন তাঁর সবকিছু কেড়ে নিয়েছে। প্রশাসনের উচিত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো।
বাগমারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।