Header Ads Widget

পুলিশের প্রতি মানুষের ভয় কমেছে বলে মন্তব্য

 

অপরাধ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ, তবু কাটছে না উদ্বেগ - মুক্তজমিন । ডিজিটাল ডেস্ক - Muktozamin

"আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, চ্যালেঞ্জে পুলিশ"

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগের সময়ে দেশে ‘ভয়ের সংস্কৃতি’ এবং ‘পুলিশি রাষ্ট্র’-এর অভিযোগ থাকলেও বর্তমানে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তাদের মতে, পুলিশের প্রতি ভয় বা সমীহ কমে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমও চ্যালেঞ্জের মুখে পড়ছে।

ফলে শত শত অপরাধীকে গ্রেফতার করা হলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন। তাদের ভাষায়, আগের ‘ভয়ের সংস্কৃতি’র জায়গায় এখন অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করার প্রবণতা দেখা যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সর্বশেষ বুধবার মিরপুরে ফুটপাতের হকার উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় মিরপুর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি উচ্ছেদ কাজে ব্যবহৃত এক্সকেভেটর (ভেকু) ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন করে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাড্ডা ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ-ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি করা হয়। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন সংসদ সদস্যের বিরুদ্ধেও তদন্ত চলছে।

এর পরদিন শনিবার রাতে ইসিবি চত্বরসংলগ্ন দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। সেখানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরসহ তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া মোহাম্মদপুরে জমি দখলের উদ্দেশ্যে সশস্ত্র মব হামলা, আদাবরে আটতলা একটি বাড়িকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং আধিপত্য বিস্তারকে ঘিরে ধারাবাহিক সংঘর্ষের মতো বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকেও তৎপরতা জোরদার করা হয়েছে। বুধবার একদিনেই বিভিন্ন অভিযোগে রাজধানী থেকে চার শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের বক্তব্য

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে বলেন, এসব ঘটনায় সরকার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী চরম অস্থিতিশীলতা ও নৈরাজ্যিক পরিস্থিতি থেকে দেশ অনেকটাই বেরিয়ে এসেছে। পুলিশ বাহিনীও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে কিছু অপরাধ বেড়েছে, আবার কিছু কমেছে বলেও তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক ঘটনাগুলোতে যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে বড় ধরনের বিপর্যয় তৈরি হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়। পরবর্তী সময়ে পুলিশ বাহিনীকে পেশাদার ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার পাশাপাশি অপরাধ দমনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা দেন, দেশে মব সন্ত্রাস থাকবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযানও চালানো হচ্ছে। নিয়মিত গ্রেফতার করা হচ্ছে অপরাধীদের। পুলিশ সদর দপ্তরে ২৪ ঘণ্টা মনিটরিং টিমও কাজ করছে।

তবে এসব উদ্যোগের পরও সাম্প্রতিক একাধিক ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একের পর এক সহিংসতা, হামলা ও সংঘর্ষের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারের দাবি, ব্যবস্থা নেওয়া হচ্ছে

বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে এবং দুষ্কৃতকারীদের গ্রেফতার করছে। তার মতে, সরকার বা পুলিশের ব্যর্থতা তখনই বলা যেত, যদি কোনো ঘটনার পর ব্যবস্থা নেওয়া না হতো।

চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের নিয়মিত গ্রেফতার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সামনে এসব অভিযান আরও জোরদার করা হবে। তার ভাষায়, ‘দুর্বৃত্ত দুর্বৃত্তই’, তার কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাৎ হোসাইন বলেন, সাম্প্রতিক অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকা ও অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।

তিনি বলেন, অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। জনগণের সহযোগিতা নিয়ে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক ঘটনাগুলোতে উদ্বেগ

সাম্প্রতিক কয়েকটি ঘটনা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় বর্ডার গার্ড হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। পরদিন ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

অপরাধ বিশেষজ্ঞ ও পুলিশ প্রশাসনের সাবেক কর্মকর্তাদের মতে, অপরাধ নিয়ন্ত্রণে শুধু গ্রেফতার অভিযান চালালেই হবে না; অপরাধের পেছনে থাকা কারণ ও মদদদাতাদেরও চিহ্নিত করা প্রয়োজন। তাদের মতে, প্রভাবশালী ব্যক্তি বা কোনো রাজনৈতিক গোষ্ঠীর মদদ থাকলে অপরাধ দমন আরও কঠিন হয়ে পড়ে। তাই অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও নিরপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ

সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, জনমনে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে দৃশ্যমান ও কঠোর আইনি ব্যবস্থা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তার মতে, অপরাধী বা সন্ত্রাসীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তাদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি অপরাধের পেছনে থাকা মদদদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পুলিশ বাহিনীর মনোবল ও প্রশাসনিক সক্ষমতা বাড়িয়ে আইন প্রয়োগে কঠোরতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অতীতে অপরাধীদের মধ্যে আইন ও পুলিশের প্রতি যে ভয় ছিল, বর্তমানে তা অনেকাংশে অনুপস্থিত। এ কারণে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন।

তার মতে, অপরাধী গ্রেফতারের খবর সাময়িক স্বস্তি দিলেও অপরাধের মূল কারণ ও নেপথ্যের শক্তিকে চিহ্নিত করা না গেলে স্থায়ী সমাধান সম্ভব নয়। অপরাধীদের পেছনে কোনো প্রভাবশালী বা রাজনৈতিক গোষ্ঠীর মদদ থাকলে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

ড. তৌহিদুল হক আরও বলেন, অপরাধী যে পরিচয়েরই হোক, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হতে পারে।