"বগুড়ায় জেলা জজের আদালত বর্জন এক মাসের জন্য স্থগিত"
কোর্ট রিপোর্টার : বগুড়ায় নবযোগদানকৃত জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের আদালত বর্জনের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি। বৃহস্পতিবার বার সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বার সমিতির সভাপতি শেখ রেজাউর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও দায়রা জজ আদালত বর্জনের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়টি আলোচনায় আসে। আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর বার সমিতির সভায় নেওয়া আদালত বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব উত্থাপন করা হয়।
সভায় বক্তব্য দেন বার সমিতির সিনিয়র সদস্য ও জিপি মো. শফিকুল ইসলাম টুকু, মো. আতাউর রহমান, একেএম সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি মো. মোজাম্মেল হক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. আব্দুল বাছেদ, সোহেল হোসেন সহলসহ অন্য আইনজীবীরা।
সভাপতির বক্তব্যে শেখ রেজাউর রহমান মিন্টু জানান, আগামী এক মাসের জন্য বগুড়ায় নবযোগদানকৃত জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের আদালত বর্জনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
এর ফলে আগামী রোববার থেকে জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের আদালতে আইনজীবীরা নিয়মিত বিচারিক কার্যক্রম ও শুনানিতে অংশ নেবেন।
বার সমিতির এ সিদ্ধান্তের মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ আদালত বর্জন নিয়ে চলমান পরিস্থিতিতে আপাতত স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফেরার সুযোগ তৈরি হলো।