রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত চালান সড়কপথে প্রকল্প এলাকায় পৌঁছেছে। গতকাল পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া রেলগেট এলাকায় - মুক্তজমিন । ডিজিটাল ডেস্ক - Muktozamin
"রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি, ডিসেম্বরে গ্রিডে আসতে পারে ৩০০ মেগাওয়াট"
বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত প্রস্তুতির দিকে এগোচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্ভের ১৬ মেগাপ্যাসকেল চাপের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। শিগগিরই ১৮ মেগাপ্যাসকেল চাপে আরও একটি পরীক্ষা করা হবে। সব পরীক্ষা ও আনুষঙ্গিক কার্যক্রম সফলভাবে শেষ হলে আগামী ডিসেম্বরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রথম ইউনিট চালুর আগে নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে নিরাপত্তা ভাল্ভের কার্যকারিতা, চাপ নিয়ন্ত্রণ, অতিরিক্ত চাপ কমানোর সক্ষমতা, ভাল্ভ খোলা ও বন্ধ হওয়ার সময়, সতর্কসংকেত এবং প্রয়োজনীয় চাপ ও তাপমাত্রার তথ্য পর্যবেক্ষণ করা হয়েছে। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—দুই জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়।
প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিভাজন বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপাদন শুরুর পরিকল্পনা গত সেপ্টেম্বরে থাকলেও নিরাপত্তা ভাল্ভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় তা পিছিয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা শেষে এখন কাজ এগোচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, পারমাণবিক চুল্লিপাত্রে ১৬ মেগাপ্যাসকেল চাপ স্বাভাবিক পর্যায়ের। তবে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আরও উচ্চ চাপে ভাল্ভের সক্ষমতা যাচাই করা জরুরি। ১৮ মেগাপ্যাসকেল চাপের পরীক্ষাটি সে কারণে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, সব প্রস্তুতি ঠিকভাবে এগোলে ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানান, নিরাপত্তা ভাল্ভের পরীক্ষা শেষ হওয়ার পর আরও কয়েকটি চূড়ান্ত পরীক্ষা বাকি রয়েছে। এসব পরীক্ষা সম্পন্ন হলে চুল্লিতে তাপশক্তি উৎপাদন শুরু হবে। সেই তাপের মাধ্যমে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানো হবে এবং উৎপাদিত হবে বিদ্যুৎ।
জ্বালানি নিয়ে অনিশ্চয়তা নেই
সম্প্রতি পারমাণবিক জ্বালানির নতুন চালান আসা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, রূপপুরের জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। প্রথম ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি ২০২৩ সালেই রূপপুরে পৌঁছেছে। গত মে মাসে চুল্লিপাত্রে জ্বালানি প্রবেশ করানোর কাজও শেষ হয়।
সম্প্রতি প্রথম ইউনিটের জন্য আরও একটি অতিরিক্ত জ্বালানির চালান রূপপুরে পৌঁছেছে। দ্বিতীয় ইউনিটের জ্বালানিও প্রস্তুত রয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি চালান দেশে আসার কথা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পারমাণবিক জ্বালানি সহজে সংগ্রহ করা যায় না বলে আগেই পর্যাপ্ত জ্বালানি মজুত রাখা জরুরি।
৩০ শতাংশ ক্ষমতায় গেলে গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ
রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ধাপে ধাপে বাড়ানো হবে। চুল্লিতে শক্তি উৎপাদন শুরু হওয়ার পর তা ৩ শতাংশ থেকে পর্যায়ক্রমে ৩০ শতাংশে উন্নীত করা হবে। উৎপাদন সক্ষমতা ৩০ শতাংশে পৌঁছালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে। সে পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা যাবে।
কর্মকর্তারা জানান, পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়ার পর তা টানা ৭ থেকে ৮ মাস চলতে পারে। এরপর বিভিন্ন পরীক্ষা ও অনুমোদন প্রক্রিয়া শেষে কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনের দিকে যাবে।
গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বাংলাদেশ বিশ্বের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে যুক্ত হবে।
১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকার প্রকল্প
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। দুই ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ত্রুটির কারণে প্রকল্পের কার্যক্রম প্রায় দুই মাস পিছিয়ে গেলেও বর্তমানে কাজ স্বাভাবিক গতিতে এগোচ্ছে। অল্প কিছু পরীক্ষা শেষ হলেই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়েই কাজ চলছে।
রূপপুর প্রকল্পের মেয়াদ প্রথমে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও দুই দফায় তা বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। ডলারের বিনিময়মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে।