জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার (২৫) নামে এক গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সাবেকুন নাহার জানান, জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া কয়রাপাড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে তিনি। প্রায় দুই বছর আগে পাঁচবিবি উপজেলার খাসবাট্টা তৈফিকপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে সাজু মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সাড়ে তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের সময় তাঁর পরিবার আড়াই লাখ টাকা যৌতুক দেয়। সম্প্রতি স্বামী আরও টাকা দাবি করে আসছিলেন। বাবার আর্থিক অসচ্ছলতার কারণে টাকা দিতে না পারায় গত ২৫ সেপ্টেম্বর রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর গায়ে গরম পানি বা ক্ষতিকর কোনো দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়।

সাবেকুনের বাবা মোশাররফ হোসেন বলেন, মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মেয়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে থানায় মামলা করবেন বলে জানান তিনি।