Header Ads Widget

সিরিয়ায় বাসে সশস্ত্র হামলা, প্রাণ গেল ৭ জনের

 

বাসে বন্দুক হামলায় সিরিয়ায় নিহত ৭, আহত কয়েকজন

 ৩০ সেপ্টেম্বর ২০২৬, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়। হামলায় ৭ জন নিহত এবং ৪ জন আহত হন। বাসটিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও শ্রমিকসহ যাত্রীরা ছিলেন।

হামলাটি মাসিয়াফ ব্রিজের কাছে ঘটে। হামলাকারী বা কোনো গোষ্ঠী এখনো শনাক্ত হয়নি এবং কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ার নিরাপত্তা বাহিনী ঘটনাটি তদন্ত করছে। 

সিরিয়ার হোমস প্রদেশে যাত্রীবাহী একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মাসিয়াফ সেতু পার হওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা বেসামরিক ওই বাসটিকে লক্ষ্য করে গুলি চালায়। বাসটিতে একটি প্রতিষ্ঠানের কর্মীরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

হামলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। হোমসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মুহাম্মদ শাবান হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, হোমস প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হিসেবেই হামলাটিকে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, বাসে হামলার কয়েক ঘণ্টা আগে রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌতায় একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেইর আলি, আল-নাসিরিয়াহ ও তিশরিন—এই তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। সিরিয়ার বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, তিশরিন বিদ্যুৎকেন্দ্রেও আগুন লাগে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর মাত্র দুই দিন আগেও পূর্ব সিরিয়ার আরেকটি গ্যাস পাইপলাইনে নাশকতামূলক হামলার ঘটনা ঘটেছিল।